তোয়ালের মাধ্যমে অভিনব কায়দায় জি-কেটামিন পাচার হচ্ছে স্পেনে

কেটামিন পাচার চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব (ছবি: সংগৃহীত)সাদা তোয়ালে। খালি চোখে দেখলে শুধু সাদা তোয়ালেই মনে হবে। কোনও কিছু বোঝার উপায় নেই। কিন্তু এই তোয়ালের আড়ালেই স্পেনে পাচার হচ্ছিল মাদক হিসেবে খ-শ্রেণিভুক্ত দ্রব্য কেটামিন।

সোমবার (২৩ অক্টোবর) রাতে ঢাকার পল্লবী এলাকার ইস্টার্ন হাউজিংয়ের সি-ব্লকের ১৮৭ নম্বর বাড়ির সাত তলার একটি ফ্ল্যাট থেকে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। তাদের কাছ থেকে পাওয়া যায় অভিনব কায়দায় স্পেনে কেটামিন পাচারের তথ্য।

র‌্যাব জানিয়েছে, বিশেষ প্রক্রিয়ায় তরল এই মাদক মেশানো হয় তোয়ালেতে। সেটি কুরিয়ারে পাঠানো হয় স্পেনে। সেখানে পৌঁছানোর পর তোয়ালে থেকে কেটামিন বের করা হয় বিশেষ প্রক্রিয়ায়। তারপর তা কেনাবেচা চলে মাদক ব্যবসায়ীদের মধ্যে। ইউরোপের দেশগুলোতে জি-কেটামিন নামে এই মাদকের চাহিদা কোকেন বা হেরোইনের চেয়েও বেশি।

মাদক চোরাচালান চক্রের গ্রেফতার তিন সদস্য হলো মীর মঞ্জুর মোর্শেদ ওরফে সানী, মাহমুদুল হাসান ওরফে চয়ন ও হাবিবুল্লাহ খান। তাদের কাছ থেকে ১৪৫টি জি-কেটামিন লেভেলযুক্ত বোতল উদ্ধার করা হয়। এগুলোর প্রতিটিতে ছিল ১০ মিলিলিটার জি-কেটামিন। এছাড়া পাওয়া গেছে ৩৪টি সাদা তোয়ালে, এর প্রতিটিতে মেশানো ছিল ১০০ গ্রাম জি-কেটামিন। একই সঙ্গে ১৮০টি জি-কেটামিনের খালি বোতল, ৫টি সাধারণ তোয়ালে ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘গ্রেফতার তিন জন চার-পাঁচ মাস ধরে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে স্পেনে কেটামিন মাদক পাচার করে আসছিল। তাদের মধ্যে সানীর ভাই মাহাদী মঞ্জুর মান্না প্রায় ১৫ বছর ধরে স্পেনে অবস্থান করছে। সেখানে ইন্টারনেট কলিং ব্যবসার সঙ্গে যুক্ত সে। ব্যবসায়িক সূত্রে তার সঙ্গে আরামডো গঞ্জালিও নামে এক স্প্যানিশ নাগরিকের পরিচয় হয়। তারাই মূলত বাংলাদেশ থেকে স্পেনে কেটামিন পাচারের পরিকল্পনা সাজায়।’

র‌্যাবের কর্মকর্তারা বলেন,‘মাহাদী মঞ্জুর মান্না চার মাস আগে প্রাথমিক বাজার যাচাই করতে বাংলাদেশে এসেছিল। এরপর আবার ফিরে যায়। দুই মাস আগে সে ও স্পেনের ওই নাগরিক একসঙ্গে বাংলাদেশে এসে গ্রেফতার তিন জনকে হাতে-কলমে কেটামিন মাদক পাচারের প্রক্রিয়া শিখিয়ে দেয়। এরপর ওই চক্র বিশেষ কায়দায় মাদক চোরাচালানের জন্য ইস্টার্ন হাউজিংয়ের ওই বাসা ব্যবহার করতো।’

তোয়ালের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় কেটামিন পাঠানো প্রসঙ্গে গ্রেফতার তিন জন র্যা বকে জানায়, তারা প্রথমে নিষিদ্ধ এই মাদকটি দেশের বিভিন্ন ফার্মেসি থেকে সংগ্রহ করে। পরে তারা ১০ মিলিলিটারের ১০০টি বোতলের ছিপি খুলে রেখে দিতো। যাতে বোতলের ভেতর থেকে বিষাক্ত গ্যাসটি বের হয়ে যায়। পরবর্তীতে তারা স্টিলের পাত্রে ৩০ মিনিট ধরে জি-কেটামিন ইনজেকশনটি উত্তপ্ত করে। এতে দ্রব্যটি ঘনরূপ ধারণ করে। এ অবস্থায় উত্তপ্ত মাদকটি পরিষ্কার সাদা তোয়ালের এক পাশে স্প্রে করে শুকিয়ে নেয়।

তোয়ালে শুকিয়ে গেলে তা ভাঁজ করে সুরক্ষিতভাবে প্যাকেটের ভেতরে সিল করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পেনের ওই নাগরিকের ঠিকানায় পাঠিয়ে দেয়। তোয়ালেগুলো হাতে পাওয়ার পর সানীর ভাই মান্নাসহ স্পেনের নাগরিক আরামডো গঞ্জালিও মিলে তোয়ালে থেকে মাদকদ্রব্যটি পুনরায় সংগ্রহ করে।

র‌্যাব কর্মকর্তারা জানান, গত দুই মাসে এই চক্র চারটি কেটামিন মাদকের চালান পাঠিয়েছে স্পেনে। এনেসথেসিয়ার কাজে ব্যবহারের জন্য বাংলাদেশের বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি জি-কেটামিন প্রস্তুত করে। প্রতি ৫০ মিলিগ্রাম ওজনের একেকটি জি-কেটামিন বিক্রি হয় ৮০ থেকে ১১৫ টাকায়। কিন্তু স্পেনে যাওয়ার পর এই কেটামিন বিক্রি হয় প্রায় দুই লাখ টাকায়।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, গ্রেফতার হওয়া তিন ব্যক্তির মধ্যে মীর মঞ্জুর মোর্শেদ ওরফে সানী পেশায় একজন খামার ব্যবসায়ী। সে দীর্ঘদিন লন্ডনে ছিল। সেখান থেকে মাস্টার্স সম্পন্ন করে দেশে ফিরেছে। মাহমুদুল হাসান ওরফে চয়ন এলএলবি অনার্স সম্পন্ন করেছে। আর হাবিবুল্লাহ খান এমবিএ সম্পন্ন করার পর একটি বেসরকারি ব্যাংকের বিপণন শাখায় কর্মরত ছিল।

ব্রিটেন, হংকং, কানাডা ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মাদক হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার কারণে জি-কেটামিন বিক্রি নিষিদ্ধ রয়েছে। বাংলাদেশেও রেজিস্টার্ড চিকিৎসকরাই কেবল এই জি-কেটামিন ব্যবহার করতে পারেন চিকিৎসা কাজে।