রাজধানী ঢাকায় প্রতি ১ লাখ ৭২ হাজার ৬৪১ মানুষের জন্য রয়েছে মাত্র একটি গণশৌচাগার। বিপুল জনসংখ্যার বিপরীতে গণশৌচাগারের এই স্বল্পতার পাশাপাশি বিদ্যমান অনেকগুলোও বন্ধ, অপরিচ্ছন্ন কিংবা ব্যবহার অনুপযোগী। ফলে প্রয়োজনের সময় শৌচাগার না পেয়ে অনেকে সড়ক ও ফুটপাতে মূত্রত্যাগ করছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন দীর্ঘ সময় বাইরে থাকা শ্রমজীবী মানুষ ও নারীরা।
জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ঢাকার আনুমানিক জনসংখ্যা ৩ কোটি ৬৬ লাখ। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তথ্য অনুযায়ী, রাজধানীতে ভ্রাম্যমাণ শৌচাগারসহ মোট গণশৌচাগার ২১৯টি। এর মধ্যে তিনটি ভেঙে ফেলা হয়েছে এবং চারটি বন্ধ পাওয়া গেছে। ফলে বিদ্যমান গণশৌচাগারের সংখ্যা ২১২টি। এর মধ্যে কয়েকটি আবার ব্যবহার উপযোগী নয়।
এমন পরিস্থিতির মধ্যেই ১৯ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব টয়লেট দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ টয়লেট, সমতাভিত্তিক ভবিষ্যৎ’। জাতিসংঘের এ প্রতিপাদ্যে সবার জন্য নিরাপদ ও সহজলভ্য স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে।
খোঁজ নিয়ে দেখা গেছে, ডিএনসিসির আওতাধীন ১৩১টি গণশৌচাগারের মধ্যে ৮১টি নির্মাণ করেছে সিটি করপোরেশন, সরকারি অর্থায়নে। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহারের জন্য রয়েছে আটটি ভ্রাম্যমাণ শৌচাগার। তবে এগুলো সাধারণ মানুষের নিয়মিত ব্যবহারের জন্য উন্মুক্ত নয়। বাকি ৪২টি গণশৌচাগার প্রতিষ্ঠা ও পরিচালনা করছে ওয়াটারএইড বাংলাদেশ, স্পেস, ভূমিজ ও আরবানসহ বিভিন্ন বেসরকারি সংস্থা।
অন্যদিকে, ডিএসসিসির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের আওতায় গণশৌচাগার রয়েছে ৮৮টি। এর মধ্যে শহীদ জিয়া শিশু পার্কের পাশে থাকা একটি শৌচাগার ভেঙে ফেলা হয়েছে। এই ঘাটতির পাশাপাশি রয়েছে রক্ষণাবেক্ষণের দুর্বলতা, পর্যাপ্ত নজরদারির অভাব ও ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। বিদ্যমান অনেক গণশৌচাগারে মৌলিক সুবিধা নেই। নির্মাণ শেষ হওয়ার পরও কোনো কোনোটি চালু করা হয়নি।
এছাড়া গাবতলী গরুর হাটের ভেতরে থাকা একটি শৌচাগার সড়ক সম্প্রসারণের জন্য ভেঙে দিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। অন্যটি আগারগাঁও পাসপোর্ট অফিসের দক্ষিণ পাশে আরবানের নির্মিত একটি ভ্রাম্যমাণ শৌচাগার।
আর বন্ধ পাওয়া চারটি শৌচাগারের মধ্যে রয়েছে মিরপুর-১-এর গোলারটেক মাঠের দক্ষিণ-পূর্ব কোণে নির্মিত একটি শৌচাগার, যা এখনো চালু হয়নি। এ ছাড়া গাবতলী স্লুইস গেটের পাশের শৌচাগার, মিরপুর ১৩ নম্বর সেকশন পার্কের শৌচাগার এবং মিরপুর ১১ নম্বরের অ্যাভিনিউ ৮-এ স্পেস পরিচালিত একটি শৌচাগার বন্ধ রয়েছে। এর মধ্যে মিরপুর ১১ নম্বরের শৌচাগারটি সংস্কার করা হচ্ছে।
ডিএনসিসি ও ডিএসসিসির সূত্র জানায়, বাস ও ট্রাক টার্মিনাল এবং বিভিন্ন বাজারের ভেতরেও কয়েকটি শৌচাগার সাময়িকভাবে বন্ধ রয়েছে। শিগগিরই সেগুলো চালু করা হবে।
গণশৌচাগার না পেয়ে সড়কেই মূত্রত্যাগ
গণশৌচাগারের অভাবের চিত্র দেখা যায় রাজধানীর সড়ক ও ফুটপাতেও। শেওড়াপাড়া থেকে ফার্মগেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা পর্যন্ত ঘুরে অন্তত ৩০ জনকে সড়কের পাশে ও ফুটপাতে মূত্রত্যাগ করতে দেখেছেন এই প্রতিবেদক। শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে প্রস্রাবের দুর্গন্ধে পথচারীদের নাক চেপে চলতে দেখা গেছে। একই চিত্র দেখা গেছে কারওয়ান বাজার ও আগারগাঁও এলাকায়। প্রকাশ্যে মূত্রত্যাগকারীদের অনেকেই জানিয়েছেন, আশপাশে গণশৌচাগার না থাকায় তাদের সামনে বিকল্প খুব একটা থাকে না।
টিএসসি থেকে শাহবাগের দিকে হেঁটে যাওয়ার সময় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাদমান হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্ধুদের সঙ্গে সময় কাটাতে প্রায়ই টিএসসিতে আসি। কিন্তু এই সড়ক দিয়ে হাঁটা খুবই কষ্টকর। দুর্গন্ধের কারণে নিঃশ্বাস বন্ধ করে চলতে হয়। ফুটপাতে এত মানুষ প্রকাশ্যে মূত্রত্যাগ করছেন, কিন্তু বিষয়টি দেখার যেন কেউ নেই।’
সমস্যাটি শুধু নিম্ন আয়ের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আগারগাঁওয়ে কর্মরত এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কাছাকাছি কোনো গণশৌচাগার না পেয়ে তিনিও সড়কের পাশে মূত্রত্যাগ করেছেন।
তিনি বলেন, ‘এখানে আশপাশে কোনো গণশৌচাগার দেখিনি। অনেককে এ এলাকায় প্রকাশ্যে মূত্রত্যাগ করতে দেখে আমিও একই কাজ করেছি।’
অপরিচ্ছন্নতা ও প্রবেশমূল্যেও ভোগান্তি
গণশৌচাগার থাকলেও সেগুলোর অবস্থা অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের নিরুৎসাহিত করছে। মঙ্গলবার কয়েকটি গণশৌচাগার পরিদর্শনে দেখা গেছে, অধিকাংশ জায়গায় সাবান ও টিস্যু পেপার নেই। কোনো কোনোটিতে অপরিচ্ছন্নতা, অব্যবস্থাপনা ও দুর্গন্ধ রয়েছে। এর পাশাপাশি এসব শৌচাগারের অনেকগুলোতে প্রবেশের জন্য অন্তত ১০ টাকা দিতে হয়।
নিম্ন ও নিম্নমধ্যবিত্ত আয়ের মানুষের জন্য এই খরচ বাড়তি চাপ তৈরি করে। বিশেষ করে কর্মদিবসে যাদের একাধিকবার গণশৌচাগার ব্যবহার করতে হয়, তাদের ব্যয় আরও বেড়ে যায়।
ঢাকায় রিকশা, ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিকের সংখ্যা আনুমানিক ২০ লাখ। তাদের অনেকেই দিনের বেশির ভাগ সময় সড়কে কাটান। সহজলভ্য ও সাশ্রয়ী শৌচাগারের অভাব সবচেয়ে বেশি ভোগায় এই জনগোষ্ঠীকে।
ফার্মগেট এলাকার আনন্দ পাবলিক টয়লেট ব্যবহারকারী জিল্লুর রহমান বলেন, শৌচাগারটি কিছুটা অপরিচ্ছন্ন। সেখানে হাত ধোয়ার জন্য সাবান কিংবা ব্যবহারের জন্য টিস্যু পেপারও পাননি তিনি।
গণশৌচাগার ব্যবহারে নারীদের সমস্যাও বেশি। বাইরে বের হলে উপযুক্ত শৌচাগার পাবেন কি না, সেই চিন্তায় পানি পান কমিয়ে দেন শাহিনুর বেগম। তিনি বলেন, ‘বাড়ি থেকে বের হওয়ার আগে খুব কম পানি পান করি। বাইরে থাকলে একান্ত প্রয়োজন না হলে পানি পান করার চেষ্টা করি না। কারণ, তখন শৌচাগার ব্যবহারের প্রয়োজন হতে পারে।’
ওয়াটারএইডের ‘উইমেন অন দ্য গো: হাউ পুওর স্যানিটেশন ইনফ্লুয়েন্সেস আরবান উইমেনস ওয়াটার ইনটেক ইন বাংলাদেশ’ শীর্ষক এক গবেষণায় দেখা গেছে, নিরাপদ ও পরিচ্ছন্ন গণশৌচাগারের অভাবে ৬৯ শতাংশ নারী বাড়ির বাইরে থাকাকালে পানি পান কমিয়ে দেন। আরও ১৫ শতাংশ নারী বাইরে থাকলে একেবারেই পানি পান করেন না। এ ধরনের অভ্যাসে মূত্রনালির সংক্রমণ (ইউটিআই)সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতার ঝুঁকি বাড়তে পারে।
নারীদের উপযোগী শৌচাগারের অভাবও আলাদা সমস্যা। নিউমার্কেট, মহাখালী ও ফার্মগেট এলাকা পরিদর্শনে দেখা গেছে, নারীদের জন্য নির্ধারিত শৌচাগারগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। কোথাও দরজার ছিটকিনি নষ্ট, কোথাও পানি রাখার পাত্র অপরিচ্ছন্ন। অনেক জায়গায় সাবান ও টিস্যু নেই। আবার কোথাও স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিনের ব্যবস্থাও নেই।
মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে নারীদের জন্য নির্ধারিত কয়েকটি শৌচাগার পুরুষদের ব্যবহারের জন্য রূপান্তর করা হয়েছে বলে জানা গেছে। এতে নারী যাত্রীদের জন্য বিকল্প আরও সীমিত হয়ে পড়েছে।
সন্তানকে নিয়ে কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসা ফেরদৌসী বেগম বলেন, শৌচাগারটির অবস্থা খারাপ হলেও বাধ্য হয়ে তাঁকে সেটি ব্যবহার করতে হয়েছে।
তিনি বলেন, ‘আর কোনো উপায় না থাকায় শৌচাগারটি ব্যবহার করেছি। এটি ঠিকমতো পরিষ্কার ছিল না, ব্যবহার করার মতো উপযুক্তও ছিল না। কিন্তু আমার আর কী করার ছিল?’
আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক পিছিয়ে
এশিয়ার ঘনবসতিপূর্ণ শহরগুলোতে গণশৌচাগারের ব্যবস্থা নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রয়োজনের তুলনায় ঢাকায় এ সুবিধা অত্যন্ত সীমিত।
যুক্তরাজ্য, চীন ও ভারতের মতো দেশগুলোর নগর পরিকল্পনার মানদণ্ডে বাণিজ্যিক ও জনসমাগমপূর্ণ এলাকায় প্রতি ২০০ থেকে ৫০০ মিটার দূরত্বে একটি গণশৌচাগার রাখার সুপারিশ রয়েছে। ঢাকার বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। এখানে একজন যাত্রী ঘণ্টার পর ঘণ্টা হাঁটলেও ব্যবহারযোগ্য একটি গণশৌচাগার নাও পেতে পারেন।
ঘনবসতিপূর্ণ শহরে গণশৌচাগারের অবস্থান ও সবার ব্যবহারের সুযোগ নিয়ে করা গবেষণায় প্রতি ১ লাখ মানুষের জন্য ২০ থেকে ৫০টি গণশৌচাগার অথবা প্রতি বর্গকিলোমিটারে তিন থেকে পাঁচটি শৌচাগারকে বাসযোগ্য নগর পরিবেশের জন্য উপযোগী বলা হয়েছে। উন্নয়নশীল দেশের বড় শহরগুলোতে স্যানিটেশন ব্যবস্থা নিয়ে গবেষণায় প্রতি ১ লাখ মানুষের জন্য অন্তত ১০ থেকে ১৫টি সচল ও পরিচ্ছন্ন শৌচাগারকে প্রাথমিক লক্ষ্য হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
অন্যদিকে, ঢাকার আনুমানিক জনসংখ্যা ও বিদ্যমান ২১২টি গণশৌচাগারের হিসাব অনুযায়ী, প্রতি ১ লাখ মানুষের বিপরীতে এখানে শৌচাগার রয়েছে মাত্র ০ দশমিক ৫৮টি।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, পর্যাপ্ত গণশৌচাগার না থাকায় অনেক মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করতে বাধ্য হন। এতে বায়ুবাহিত ও পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। এ কারণে পরিপাকতন্ত্রের বিভিন্ন রোগ থেকে শুরু করে জন্ডিস ও টাইফয়েড হতে পারে। এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন থাকলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য জটিলতাও দেখা দিতে পারে।
তিনি আরও বলেন, ‘নারী ও পুরুষের জন্য আলাদা শৌচাগার থাকা প্রয়োজন। নারীদের দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখতে হয়। এতে মূত্রনালি ও মূত্রথলিতে সংক্রমণ হতে পারে। এটি জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়।’ প্রধান সড়কগুলোতে গণশৌচাগার স্থাপন এবং সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেন তিনি।
ডা. মুশতাক হোসেন বলেন, ‘কোনও শৌচাগার নির্মাণের পরও যদি অপরিচ্ছন্নতা বা রক্ষণাবেক্ষণের অভাবে মানুষ সেটি ব্যবহার করতে না পারেন, তাহলে বাস্তবে সেটি না থাকারই সমান।’
নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, গণশৌচাগারকে ঐচ্ছিক কোনো সেবা হিসেবে দেখার সুযোগ নেই। নগর পরিকল্পনার অপরিহার্য অংশ হিসেবে এ সুবিধা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রতি ৪০০ থেকে ৫০০ মিটার দূরত্বের মধ্যে গণশৌচাগার থাকা উচিত। পাশাপাশি মৌলিক এই নাগরিক সেবা ব্যবহারের জন্য মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আদিল মোহাম্মদ খান বলেন, ‘কোনও ব্যক্তিকে যদি দিনে তিন-চারবার গণশৌচাগার ব্যবহার করতে হয় এবং প্রতিবার ৫০ টাকা করে দিতে হয়, তাহলে একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে সেই খরচ বহন করা কীভাবে সম্ভব? মানুষ এমনিতেই কর দিচ্ছে। মৌলিক প্রয়োজন মেটাতে আবার কেন টাকা দিতে হবে?’
তিনি আরও বলেন, শৌচাগারের রক্ষণাবেক্ষণে সরকারের বরাদ্দ রাখা এবং বিনা মূল্যে ব্যবহারের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি বলেন, ‘গণশৌচাগার এখনও নগর পরিকল্পনার মূল ধারায় জায়গা করে নিতে পারেনি। পর্যাপ্ত ও বিনা মূল্যের গণশৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করার পরই কেবল মানুষকে প্রকাশ্যে মলমূত্র ত্যাগ না করে নির্ধারিত শৌচাগার ব্যবহারের কথা বলা যেতে পারে।’
আরও গণশৌচাগার নির্মাণের আশ্বাস দুই সিটি করপোরেশনের
রাজধানীর বিপুল জনসংখ্যার তুলনায় বিদ্যমান গণশৌচাগারের সংখ্যা অপর্যাপ্ত বলে স্বীকার করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি ওয়াটারএইড ও অন্যান্য বেসরকারি সংস্থার সঙ্গে গণশৌচাগার নিয়ে সমন্বয় সভা করেছি। সিটি করপোরেশন ও ওয়াটারএইডের যৌথ উদ্যোগে আরও গণশৌচাগার স্থাপনের কাজ চলছে। যেখানে মানুষের চলাচল বেশি এবং সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়, সেসব এলাকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, শৌচাগার পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোকে পানি, সাবান ও টিস্যু পেপারসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে হবে। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামও জানিয়েছেন, নতুন গণশৌচাগার নির্মাণের পরিকল্পনা করছে সংস্থাটি। এ জন্য উপযুক্ত স্থান চিহ্নিত করার কাজ চলছে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় আসেন। আমরা গণশৌচাগারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি। কোথায় কোথায় এগুলো প্রয়োজন, ইতোমধ্যে সেই স্থানগুলো চিহ্নিত করা হচ্ছে।’
টেন্ডারের মাধ্যমে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাওয়া ঠিকাদারদের কেউ কেউ যথাযথভাবে শৌচাগার পরিচর্যা করেন না বলেও স্বীকার করেন তিনি। আবদুস সালাম বলেন, ‘পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ ও মেরামতসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে নজরদারি জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’