মামলার জট নিরসনের বিষয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা বলেন, ‘বিচার বিভাগের ওপর জমে থাকা মামলার জট কমাতে জামিন সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিক আদেশ দিতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তিতে বিকল্প বিরোধ আইন অনুসরণের পাশাপাশি বিচারকদের সময়মতো এজলাসে উঠতে হবে।’
সুপ্রিম কোর্টের দেওয়া সার্কুলার অনুসরণের পাশাপাশি আইনজীবীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য বিচারকদের পরামর্শ দিয়েছেন দায়িত্বরত প্রধান বিচারপতি। তার ভাষ্য— ‘পদোন্নোতির বিষয়ে এসিআর-এ (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) কারও এসিআর-এ যেন বিরূপ মন্তব্য না করা হয় সেদিকে সতর্ক হতে হবে জেলা জজদের।’
এ প্রসঙ্গ ধরে মো. আবদুল ওয়াহ্হাব মিঞা আরও বলেন, ‘মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। কারণ নিষ্পত্তির অপর্যাপ্ততা পদোন্নতির অন্তরায় হয়ে দাঁড়াতে পারে।’
গত ২২ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দায়িত্বরত প্রধান বিচারপতির অভিভাষণের বিষয়ে জানানো হয়। সেই অনুযায়ী তার সঙ্গে এই মতবিনিময় সভায় অংশ নেন দেশের জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকতারা।