ব্রিফিংয়ে ডিবি যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, `ঢাকা শহরে ছিনতাই বেড়েছে। সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় আমরা কমিশনারের নির্দেশনায় ড্রাইভের সিদ্ধান্ত নেই। গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান ৫৬ জনকে আটক করা হয়েছে। যাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে, আবার নতুন করেও মামলা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন এলাকা থেকে ৫৬ ছিনতাইকারী, টানাপার্টি আটকের কারণে নগরবাসীর মনে স্বস্তি ফিরবে। ডিবির পাশাপাশি ক্রাইম ডিভিশন ৩৫ জনের মতো ছিনতাইকারী আটক করেছে। এতে করে ছিনতাইয়ের প্রকোপ কমবে।’
ছিনতাইকারীদের সম্পর্কে আবদুল বাতেন বলেন, ‘এদের একটা বড় অংশ টানাপার্টি। যারা চলন্ত যানবাহন থেকে হেঁচড়া টানে ব্যাগ, মোবাইল নিয়ে যায়। এসব টানাপার্টির অধিকাংশ মাদকাসক্ত।’
শহরে মাদকাসক্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ছিনতাই বেড়েছে কিনা এমন প্রশ্নে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘ছিনতাই বেড়েছে এটা সত্য। কিন্তু মাদকাসক্ত বাড়ার কারণে ছিনতাই বেড়েছে কিনা তা রিসার্চ ছাড়া বলা যাবে না।’
তিনি আরও বলেন, ‘এসব ছিনতাইকারীরা অর্গানাইজড না। দুই জন তিন জন একসঙ্গে ছিনতাই করে। আবার কখনও কখনও একা একাই ছিনতাই করে। তবে কিছু আছে যারা দেশীয় অস্ত্রসহ অনেকটা জোর করে ছিনতাই করে, যা ডাকাতির মতো।’