দুর্নীতি মামলায় খালেদা জিয়ার যুক্তিতর্ক উপস্থাপন বুধবার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার সকালে রাজধানীর বকশিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জিয়াউদ্দিন জিয়ার মাধ্যমে তিনি দুই মামলায় হাজিরা দেন খালেদা।

আদালতে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা)দুপুর ২টায় যুক্তি উপস্থাপন শুরু করেন আইনজীবী আহসান উল্লাহ। এদিন তার পক্ষে যুক্তি উপস্থাপন শেষ না হওয়ায় পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য বুধবার দিন ধার্য করেন আদালত। বুধবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুনানি তারিখ পরিবর্তনের আবেদন করেন। বুধবার শুনানি হলেও খালেদা জিয়াকে আসতে হবে না বলে জানান আদালত।

বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান বলেন, ‘ম্যাডামের আসার দরকার নেই, উনি জামিনে থাকবেন। তবে মামলার অপর আসামি শরফুদ্দিন ও কাজী সলিমুল হকের যুক্তিতর্ক চলবে।’ পরে বিকেল ৩টা ১০ মিনিটে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন খালেদা জিয়া।