‘স্ট্রাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানপুলিশের সামর্থ্য কম বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি পুলিশের কৌশলগত পরিকল্পনা বাহিনীকে আরও শক্তিশালী ও দক্ষ করে তুলবে। আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধভীতি হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে এই পরিকল্পনা।’ রবিবার (২৮ জানুয়ারি) রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘স্ট্রাটেজিক প্ল্যান ২০১৮-২০২০ অব বাংলাদেশ’-এর উদ্ধোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম। কিন্তু সফলতা অনেক। সাধারণ মানুষসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এই বাহিনী।
নতুন পরিকল্পনা প্রণয়নের এই অনুষ্ঠানে পুলিশের চার জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রজেক্টরের মাধ্যমে পুলিশের সেবা, প্রশিক্ষণ ও অভিযানসহ বিভিন্ন দিক তুলে ধরেন।
আইজিপি এ কে এম শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কোস্টগার্ডের মহাপরিচালক এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী, অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।