ঢাবিতে ফেনসিডিলসহ দুই বহিরাগত আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস থেকে ফেনসিডিলসহ দুই বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) ক্যাম্পাসের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে দুই বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

ফেনসিডিলসহ আটক ২প্রত্যক্ষদর্শীরা জানান, আটকরা টিএসসি এলাকায় বসে বিকাল ৫টার দিকে ফেনসিডিল সেবন করছিলো। পরে বিশ্ববিদ্যালয় কয়েকজন শিক্ষার্থী তাদের মারধর করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেয়। আটকরা হলো- মো. আসাদ ও মঈনুল ইসলাম। তবে তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

প্রক্টরিয়াল টিম ওই দু’জনকে শাহাবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, প্রক্টরিয়াল টিম তাদের (অভিযুক্তদের) থানায় সোপর্দ করেছে।’

শাহাবাগ থানার ডিউটি অফিসার হরিচাঁদ হাজরা বলেন, ‘অভিযুক্তরা থানায় আটক রয়েছে। ওসি স্যার থানায় এলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’