২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা: জঙ্গি সাঈদের পক্ষে যুক্তিতর্ক চলছে



২১ আগস্ট গ্রেনেড হামলাজঙ্গি নেতা মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর ওরফে বাচ্চুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেছেন তার আইনজীবী মোহাম্মদ আলী। সাঈদকে নির্দোষ দাবি করে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সোমবার (২৯ জানুয়ারি) আদালতে এই আইনজীবী বলেন, ‘নির্যাতন চালিয়ে তার কাছ থেকে জোরপূর্বক ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে।’ রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারের সামনে গণপূর্তের পুরাতন একটি ভবনে অবস্থিত ঢাকার দ্রুত বিচার আদালত-১-এর বিশেষ এজলাসে এই মামলার বিচার কার্যক্রম চলছে।
সোমবার দুপুর ১২টায় বিচারক শাহেদ নূর উদ্দিন এজলাসে বসলে আদালতের কার্যক্রম শুরু হয়। এরপর মামলার অন্যতম আসামি জঙ্গি নেতা মাওলানা আবু সাঈদের পক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন তার আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আলী। প্রায় দু’ঘণ্টা যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামি মাওলানা আবু সাঈদের বিরুদ্ধে এ মামলায় সংশ্লিষ্টতা প্রমাণে ব্যর্থ হয়েছেন। এ সময় তিনি বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য, জেরা ও ১৬৪ এ দেওয়া জবানবন্দির ব্যাখ্যা করে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। দু’পুর ২টায় আদালতের কার্যক্রম মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা পর্যন্ত মুলতবি করেন বিচারক শাহেদ নূর উদ্দিন। এদিনও আসামি আবু সাঈদের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী যুক্তিতর্ক উপস্থাপন করবেন। এছাড়া তিনি এ মামলার আসামি মাজেদ ভাট ওরফে ইউসুফ ভাট, রুহুল আমিন ওরফে মালেক ও উজ্জল ওরফে রতনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
বিচার কার্যক্রম চলার সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান ও অ্যাডভোকেট ফারহানা রেজা প্রমুখ ।