মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন বিএনপিকর্মীরা। খালেদা জিয়া আদালত থেকে সাড়ে ৩টার দিকে বের হয়ে হাইকোর্ট এলাকায় আসার আগ মুহূর্তে কর্মীরা রাস্তায় নেমে পড়েন। এসময় বহরে থাকা প্রিজন ভ্যানে হামলা চালান তারা। এর কিছু সময় আগেই পুলিশের হাতে আটক দুই কর্মীকে প্রিজন ভ্যানের ভেতর থেকে নিয়ে যান বিএনপিকর্মীরা।
এর আগে গত ৩ জানুয়ারি খালেদা জিয়া আদালত থেকে ফেরার পথে হাইকোর্ট এলাকা পার হওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারও আগে গত বছর ২১ ডিসেম্বর হাইকোর্ট মাজার গেটের সামনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় খালেদা জিয়াকে বহনকারী গাড়ি বহর হাইকোর্টের মাজার রোডের সামনে প্রায় আধাঘণ্টা অবস্থান করে। পরে খালেদা জিয়ার গাড়ি বহর ওই এলাকা থেকে সরে পড়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকেই প্রেসক্লাবের ভেতর অবস্থান নিতে শুরু করে বিএনপি কর্মীরা। খালেদা জিয়া আদালত থেকে বের হওয়ার পর হঠাৎ করেই তারা রাস্তায় নেমে আসেন।