আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান মামলা: তদন্ত প্রতিবেদন ১৩ মার্চ



আইন-আদালতআশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন পিছিয়ে আগামী ১৩ মার্চ জমা দেওয়ায় নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম সত্যভ্রত বিশ্বাস এই আদেশ দেন। আদালতের সাধরণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনির পুলিশ (উপ-পরিদর্শক)এ তথ্য জানান।
জিআরও বলেন, ‘মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী কর্মকর্তা পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট কোনও প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এ নতুন দিন ধার্য করেন।’
উল্লেখ্য,২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থানা আশকোনা এলাকার সূর্য ভিলা নামক একটি বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হয় এবং দুই নারী আত্মসমর্পণ করেন।
ওই ঘটনার পরদিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে নয় জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।