বংশালে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ

বংশালরাজধানীর বংশালে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর নাম মো. বিল্লাল হোসেন (২৩)। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই ব্যবসায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ পরিচয়ে ওই ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে লালবাগের সেকশন বেড়িবাঁধ এলাকায় ফেলে দেওয়া হয়। বিষয়টি বংশাল থানাকে অবিহিত করা হয়েছে।’
আহত ব্যবসায়ীর বাবা মো. দলিল উদ্দিন জানান, বিল্লাল মীর হাজীরবাগের যাত্রাবাড়ী থাকে। সেখানেই সে ব্যবসা করে। মঙ্গলবার বিকালে উত্তরা ব্যাংকের নয়াবাজার শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করে। রাস্তায় যানজট থাকায় কিছুদূর পায়ে হেঁটে যাওয়ার পথে বংশাল থানার পশ্চিম পাশের রাস্তা থেকে একটি মাইক্রোবাসে কয়েকজন সাদা পোষাকের লোক বিল্লালকে ‘তোর বিরুদ্ধে ওয়ারেন্ট আছে’ বলে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায়। পরে তাকে মারধর ও ছুরিকাঘাতে আহত করে রাতে লালবাগ এলাকায় ফেলে দিয়ে যায় তারা।

তিনি আরও জানান, পরে এলাকার লোকজন বিল্লালের পকেট থেকে একটি ভিজিটিং কার্ড পেয়ে ফোনে সংবাদ দেয়। তখন তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।