রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতি করতে গিয়ে বখতিয়ার লতিফ নামে এক যুবককে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড এবং ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্টপক্ষের আইনজীবী সৈয়দ শামসুল হক বাদল এই তথ্য জানান। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে আসামিদের কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় এবং রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। এবং তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত।’
এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে জাহিদ আল লতিফ ওরফে খোকার বাড়িতে আনুমানিক রাত সাড়ে ৩টায় ডাকাতির উদ্দেশে প্রবেশ করে আসামিরা। ডাকাতির সময় জাহিদের ছেলে বখতিয়ার বাধা দিলে ডাকাত সদস্যদের মধ্য থেকে খলিল পিস্তল দিয়ে বখতিয়ায়কে গুলি করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বখতিয়ারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত বখতিয়ারের বাবা জাহিদ লতিফ যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২০১৪ সালের ১৩ এপ্রিল পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. ইউনুস একটি অভিযোগপত্র দাখিল করেন আদালতে। একই বছরের ৮ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত মামলার বিচার কার্যক্রম শুরু করেন।