শাহজালালে ভারতীয় নাগরিকের কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসা ভারতীয় যাত্রী কুলদীপ সিং এর কাছ থেকে ২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম।

উদ্ধার করা স্বর্ণসাইদুল ইসলাম বলেন, ‘শাহজালালে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রিজেন্ট এয়ারওয়েজের (RX787) ফ্লাইটে ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা ভারতীয় এক যাত্রীর কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের মোট ৪টি স্বর্ণবার আটক করা হয়েছে।’

সাইদুল ইসলাম আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা অভ্যন্তরীণ চ্যানেলে আসার পর ভারতীয় ওই যাত্রীকে শনাক্ত করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যাত্রী স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। পরে স্ক্যান করে এবং শরীর তল্লাশি করে তার জুতা থেকে ৫০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণবার উদ্ধার করে। আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এই আটকের ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।’