বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) ফজলে রাব্বি হলের সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। অস্থায়ী আদালত সংলগ্ন আল্লামা কাশগরী (রহ.) হলের সামনে বসানো হয়েছে চেকপোস্ট। সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশের সড়কে অন্তত ১০টি মোটরসাইকেলে পুলিশি টহল দেখা গেছে। সঙ্গে টহলে ছিল র্যাব ও পুলিশের গাড়ি। এছাড়া মাঠের ভেতরে রয়েছে স্ট্রাইকিং ফোর্স। পুরো এলাকায় ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি রয়েছে সাদা পোশাকে গোয়েন্দাদের নজরদারি।
আলিয়া মাদ্রাসা মাঠ সংলগ্ন মোড়ে দায়িত্বরত লালবাগ থানার এএসআই মোতালেব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্ধ্যার আগে তেমন কড়াকড়ি ছিল না। তবে সন্ধ্যার পর রাত বাড়ার সঙ্গে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। আমাদের থানা পুলিশের সতর্ক অবস্থান রয়েছে চারপাশে।’
বকশিবাজার মোড় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ। তার ভাষ্য, ‘আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি ভোর থেকে নিরাপত্তা আরও বাড়ানো হবে।’