তবে সাজা হওয়ার পরও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রার্থী হতে পারবেন কিনা, এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘এখন নির্বাচনের প্রশ্ন নেই। কারণ এখনও নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। তবে সাজা স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হতে তার আইনগত কোনও বাধা থাকবে না।’
রায় স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হওয়ার অনেক নজির রয়েছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি অনেক উপজেলা ও পৌরসভা নির্বাচনে নিম্ন আদালতে সাজা হওয়ার কারণে প্রার্থিতা বাতিল হয়েছিল। পরে হাইকোর্টে নিম্ন আদালতের সাজা স্থগিত হওয়ায় তারা প্রার্থী হয়েছেন। অনেকে বিজয়ী হয়ে দায়িত্বও পালন করছেন।’
জয়নুল আবেদীন আরও বলেন, ‘হাইকোর্টে আপিল করতে রায়ের সত্যায়িত অনুলিপির প্রয়োজন রয়েছে। আমরা ইতোমধ্যে আদালতে রায়ের অনুলিপির জন্য আবেদন করেছি। তবে রায়ের অনুলিপি ছাড়াও আপিলের সুযোগ রয়েছে। এমন নজির উপমহাদেশের অনেক মামলায়ই রয়েছে।’