স্ত্রীকে পুড়িয়ে হত্যায় দায়ে স্বামীর যাবজ্জীবন

হত্যা মামলার আসামি মো. জাহাঙ্গীর হোসেন রনি
রাজধানীর ডেমরা থানার কোনাপাড়া এলাকায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ স্বামী মো. জাহাঙ্গীর হোসেন রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাকে একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁশুলি এ এফ এম রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।

রায়ের বিবরণ থেকে জানা যায়, মো. জাহাঙ্গীর হোসেন রনি ও তার স্ত্রী হামিদা আক্তার রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়ার পাড়াডগাইর এলাকার আল আমীন রোডের একটি বাড়িতে বাস করতেন। ২০০৯ সালের ২২ জানুয়ারি সকালে হামিদার মোবাইলে একটি মিসডকল আসে। ওই নম্বরে ফোন করে একটি পুরুষ কণ্ঠ শুনতে পান আসামি জাহাঙ্গীর হোসেন রনি। এ নিয়ে স্ত্রীকে সন্দেহ হয় তার। কথা কাটাকাটির এক পর্যায়ে রান্নাঘর থেকে কেরোসিন এনে হামদার গায়ে ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয় রনি। গুরুতর আহত অবস্থায় হামিদাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জানুয়ারি তিনি মারা যান।

ওই  ঘটনায়  নিহতের বড় ভাই শামসুল হক বাদী  হয়ে ঢাকার ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনা তদন্ত করে ডেমরা থানার এসআই মীর আতাহার আলী আসামি জাহাঙ্গীর হোসেন রনিকে অভিযুক্ত করে ওই বছরের ৩১ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।

রায় ঘোষণার আগে আদালত চার্জশিটের ১৬ জন সাক্ষির মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।