শাহবাগ থানার নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় আরও ১১ জনের ৩ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৭ মার্চ) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামিদের রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডের অপর আসামিরা হলেন- ১৭ নং ওয়ার্ড যুবদল ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক রফিক দেওয়ান সুমন, যুবদল উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন, যুবদল উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন ও হাফিজুর রহমান হাফিজ, ঢাকা কলেজ ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, ৫ নং ওয়ার্ড ছাত্রদল সবুজবাগ থানার আজিজ আহমেদ, কুমিল্লার দাউদকান্দি থানার সহ-সম্পাদক রকিবুল ইসলাম, গৌরীপুর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার রিমন আহমেদ, কুমিল্লার দাউদকান্দি থানা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম ও রুমন খন্দকার।
এদিকে আসামিপক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া রিমান্ড নামঞ্জুর চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে তাদের গ্রেফতার করা হয়। তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেয়নি এবং কোনও যানবাহন ভাঙচুর করেনি। আসামিদের রিমান্ডে নেওয়ার কোনও যৌক্তিকতা নেই।’
মামলার অভিযোগ থেকে জানা যায়- গতকাল ৬ মার্চ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সচিবালয়ের ৫নং গেটের সামনে ভাঙচুর করা হয়। এতে পুলিশ বাধা দিলে পুলিশের উপর ইট-পাটকেল ছুঁড়ে এবং যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর অভিযোগে ওই আসামিদের গ্রেফতার করে পুলিশ।