ধানমন্ডিতে ট্রাক থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢাকারাজধানীর ধানমন্ডিতে চলন্ত ট্রাক থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. আব্দুল শাকিল (১৮)।  বুধবার (২১ মার্চ) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. মিরাজ জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে শাকিল বালুবাহী ট্রাকের ওপর ছিল। ধানমন্ডি বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় গেলে তার মাথায় বাঁধা গামছাটি বাতাসে খুলে পড়ে যাচ্ছিল। তিনি গামছাটি ধরতে গিয়ে পড়ে মাথায় আঘাত পান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শাকিলের বাবার নাম মৃত মমতাজ আলী। তারা মোহাম্মাদপুরের রায়েরবাজার সাদেকখান এলাকায় ভাড়া বাসায় থাকেন।