কথাকাটাকাটি থেকে ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

সংঘর্ষঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে অন্তত ১০ ছাত্র আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মার্চ) রাত ১০টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শাহনেওয়াজ হলের সামনে এ ঘটনা ঘটে। একটি রেস্টুরেন্টে আড্ডা দেওয়ার সময় উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে চারুকলা অনুষদের শিক্ষার্থী শাহাদাত এবং ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম ও আবীরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে বিজয় কর্নার রেস্টুরেন্টে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী বসা ছিল। এ সময় তারা কয়েকজন মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করলে ঢাবি শিক্ষার্থী শাহাদাত প্রতিবাদ করেন। পরে ঢাকা কলেজের ওই শিক্ষার্থীদের সঙ্গে শাহাদাতের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে  শাহাদাতের ওপর ঢাকা কলেজের ওই শিক্ষার্থীরা হামলা চালালে তার মাথা ফেটে যায়। এরপর শাহনেওয়াজ হলের শিক্ষার্থীরা ছুটে এসে ঢাকা কলেজের এই শিক্ষার্থীদের মারধর করে। এতে ঢাকা কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামীমেরও মাথা ফেটে যায়। আবির নামে আরেক শিক্ষার্থীও আহত হয়। পরে ঢাকা কলেজের অন্য শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র নিয়ে শাহনেওয়াজ হলের সামনে অবস্থান নেয়। তখন পরিস্থিতি খারাপ হলে পুলিশ মোতায়েন করা হয়।

আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে আমাদের হোস্টেলের সামনে মেয়েদের বাজে কমেন্ট করেছে। এটা আমার ভালো লাগেনি। তাদের নিষেধ করলে তারা আমাদের মারধর করে মাথা ফাটিয়ে দেয়।’ 

ঢাকা কলেজের শিক্ষার্থী ইমরান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অকারণে আমার বন্ধুদের মারধর করেছে। আমরা ওইখানে আড্ডা দিয়েছি, হয়তো এটা তাদের ভালো লাগেনি।’ 

ঢাবি’র প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি বলেন, ‘সংঘর্ষের কথা শোনার পর আমি ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’