জঙ্গি নিলয়ের তথ্যে মিললো অস্ত্র

 

আকরাম হোসনে খান নিলয় (ফাইল ছবি)জঙ্গি আকরাম হোসেন খান নিলয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্লবীর একটি খাল থেকে অস্ত্র উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। সোমবার রাত ৯ টা ৫৫ মিনিটের দিকে ওই খাল থেকে বিদেশি পিস্তল, পিস্তলের গুলি ও বোমা তৈরির বেশকিছু সরঞ্জাম উদ্ধার করে। ডিএমপির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, দুই রাউন্ড পিস্তলের গুলি, একটি লোহার গ্রেনেডের কনটেইনার, পাঁচ প্যাকেট বেয়ারিং বল যার ওজন অনুমান ৭০০ গ্রাম, দু’টি ব্যাটারি, দু’টি টগল সুইচ, ১০৫টি ডেটোনেটর, কসটেপ মোড়ানো কাটা পলিথিন উদ্ধা করা হয়েছে। অস্ত্রগুলো কিছু পলিথিন দিয়ে পেঁচানো অবস্থায় খালের পানিতে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।

উদ্ধার হওয়া অস্ত্র

চব্বিশ বছর বয়সের এই যুবক আকরাম হোসেন খান নিলয়সহ তার সঙ্গী হাদিসুর রহমান সাগরকে গত মাসের ২১ তারিখ বগুড়ার শিবগঞ্জে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের  আদালতে পাঠিয়ে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়। আদালত সাগরকে সাতদিন ও নিলয়কে ছয়দিনের জিজ্ঞাসাবাদের জন্য মঞ্জুর করেন। আর নিলয়ের দেওয়া তথ্য ও দেখানো মতে এ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও বিদেশি পিস্তল উদ্ধার করলো সিটিটিসি।