ধামরাইয়ে বাসে পোশাককর্মীকে ধর্ষণ: চালকসহ পাঁচজন রিমান্ডে

ধর্ষণসাভারের ধামরাইয়ে চলন্ত বাসে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে ওই বাসের চালক ও তার সহকারীসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো বাসের চালক মকবুল হোসেন (৩৮), তার সহকারী মো. সোহেল রানা (২০), বাবু মল্লিক (২৪), আব্দুল আজিজ (২৫) ও বলরাম (২০)।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর শাখা) কাইয়ুম আহমেদ এই তথ্য জানান।

তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা জাকারিয়া (ওসি অপারেশন) আসামিদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের কচমচ এলাকায় থেকে বাসসহ পাঁচজনকে আটক করেন ওই থানা পুলিশ।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল রাত ১০টার দিকে গার্মেন্ট ছুটি শেষে বাসের জন্য শ্রীরামপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ওই পোশাককর্মী। এ সময় তাকে একা পেয়ে জোরপূর্বক বাসে উঠিয়ে মুখ ও হাত-পা গামছা দিয়ে বেঁধে ফেলে। এরপর বাসটি মহিষশী এলাকার একটি নির্জন স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে তারা।
স্থানীয়রা মেয়েটিকে তুলে নিতে দেখে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পরে ওই ঘটনায় জড়িত বাসের চালক ও তার সহকারীসহ পাঁচজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।