কদমতলীতে বস্তাবন্দি অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার

রাজধানীর কদমতলীর শ্যামপুর এলাকায় একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ এপ্রিল) বিকালে শ্যামপুরের ২৪ ফুট সড়কের পাশের ডোবা থেকে এই কঙ্কাল উদ্ধার করা হয়।

কদমতলীকদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের কঙ্কাল উদ্ধার করা হয়। কঙ্কালটির একটি পায়ের হাড় বিচ্ছিন্ন অবস্থায় ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা ধারণা করছি অনেক দিন আগে হয়তো হত্যা করে বস্তাবন্দি অবস্থায় লাশটি ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রাথমিকভাবে কঙ্কালটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত জানাবো।’ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কঙ্কালটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।