বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি: বাসচালকসহ তিন জন কারাগারে

কারাগাররাজধানীর বাড্ডায় তুরাগ বাসে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানি ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক ও হেলপারসহ তিন জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার দুপুরে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের সংশ্লিষ্ট থানার নারী ও শিশু সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল মান্নান এসব তথ্য জানান। কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. নয়ন (২৯), মো. মনির (২৭) ও রোমান (২৮)।
এর আগে শনিবার দুপুরে তিন দিনের রিমান্ড শেষে গুলশান থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) তাপস কুমার ওঝা আসামিদের আদালতে হাজির করেন। তিনি মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাজহারুল ইসলাম জামিন শুনানি শেষে এই আদেশ দেন।
এদিকে আসামিপক্ষে আইনজীবী ইকবাল হোসেন ও হাতেম আলী জামিন বিষয়ে শুনানি করেন। গত ২৪ এপ্রিল ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করা হয়। পরে বিচারক তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২১ এপ্রিল বাড্ডা বাসা থেকে উত্তরা ইউনিভার্সিটি যাওয়া সময় গ্রেট তুরাগ বাসে উঠেন ওই শিক্ষার্থী। ওই বাসটি নতুন বাজার যাওয়ার পর বাসের হেলপার ও কন্ট্রাকটার ওই ছাত্রীর হাত চেপে ধরে যৌন হয়রানি করে। ওই ঘটনায় গত ২২ এপ্রিল ভিকটিমের স্বামী বাদী হয়ে গুলশান থানায় নারী ও শিশু আইন (২০০০ সংশোধন ২০০৩) ১০ ও ৩০ ধারায় মামলাটি দায়ের করেন।