যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিশু নিহত

সড়ক দুর্ঘটনারাজধানীর যাত্রাবাড়ীর সাইনবোর্ড মোড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মায়ের কোলে থাকা এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম হৃদয়। এই ঘটনায় আহত হয়েছেন তার মা মৌসুমি আক্তার (২৫)। বুধবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী শিশুটির চাচা টুটন মিয়া জানান, ‘মৌসুমি আক্তার নারায়ণগঞ্জ বেসিক এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। ঈদের ছুটিতে ছেলে হৃদয়কে নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন আজ। ভোরে তাকে যাত্রাবাড়ী সাইনবোর্ড মোডে থেকে বাসে উঠিয়ে দিতে এসেছি। মোড়ে রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস মৌসুমিকে ধাক্কা দেয়। এতে তার কোলে থাকা শিশু হৃদয়সহ তিনি রাস্তায় পড়ে যান।গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে মা মৌসুমিকে মিরপুর ডেন্টাল হাসপাতালে পাঠানো হয়।’

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজ উদ্দিন জানান, ‘ভোরের দিকে যাত্রীবাহী বাস ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। তবে বাসটিকে শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।’