খালেদা জিয়ার রিভিউ আবেদনের বিষয়ে আদেশ ১২ জুলাই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ জুলাই দিন নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগ।

সোমবার (৯ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আদেশের এই দিন নির্ধারণ করেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মওদুদ আহমদ ও জয়নুল আবেদীন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়াও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল আদালত।

এরপর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে বলা আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়। সেই আবেদনটি চেম্বার আদালতে শুনানির জন্য আসে। কিন্তু আদালত আবেদনটির শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দিন নির্ধারণ করে দেন। এর পরিপ্রেক্ষিতে আবেদনটি আপিল বিভাগের শুনানি হয়। 

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।