কুড়িগ্রাম-৩ আসনে উপ-নির্বাচন স্থগিতের রিট খারিজ




কুড়িগ্রাম উপ-নির্বাচনসীমানা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
এই আদেশের ফলে বুধবার (২৫ জুলাই) এ আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে কোনও বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
এর আগে গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
তবে, এর আগে গত ৩০ এপ্রিল সীমানা নির্ধারণ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বলা হয়, চিলমারী উপজেলার চারটি ইউনিয়ন কুড়িগ্রাম-৪ আসনে অন্তর্ভুক্ত হবে। এই চার ইউনিয়ন হলো, চিলমারী, রমনা, রানীগঞ্জ ও থানাহাট।
কুড়িগ্রাম-৩ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও উপ-নির্বাচন ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। পূর্ববর্তী সীমানা অনুযায়ী এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন। আসনটিতে উলিপুর উপজেলার আলগা ইউনিয়ন বাদ দিয়ে বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রানীগঞ্জ ইউনিয়ন অন্তর্ভুক্ত।
প্রসঙ্গত, এর আগে গত ১০ জুন রংপুর আঞ্চলিক নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন কুড়িগ্রাম-৩ আসনের নির্বাচনের জন্য একটি গণবিজ্ঞপ্তি জারি করেন। ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই ও ৩ জুলাই প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই ওই আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ মতিন এবং জাপার প্রার্থী ডা. আক্কাছ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পূর্ববর্তী সীমানা অনুযায়ী এ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন বাদে বাকি অংশ এবং চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়ন অন্তর্ভুক্ত।
অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, ‘রিট আবেদনকারী এস এম মোস্তাফিজুর রহমান রমনা ইউনিয়নের বাসিন্দা। ৩০ এপ্রিলের গেজেট মতে তিনি কুড়িগ্রাম-৪ এর বাসিন্দা হলেও এ নির্বাচনে তাকে ভোট দিতে বলা হয়েছে কুড়িগ্রাম-৩ আসনে। তাই তিনি এর বৈধতা চ্যালেঞ্জ করেছেন। এ অবস্থায় নির্বাচনও স্থগিত চাওয়া হয়েছিল। নির্বাচন আগামীকাল বুধবার (২৫ জুলাই)। আদালত রিট খারিজ করায় উপ-নির্বাচন হতে বাধা থাকছে না।’