মগবাজারে সড়ক দুর্ঘটনা: গোল্ডেন লাইন পরিবহনের মালিক গ্রেফতার





এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কর ওরফে বাহারুন লস্কররাজধানীর মগবাজারে বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানা নিহতের ঘটনায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক জুনায়েদ হোসেন লস্কর ওরফে বাহারুন লস্করকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৪ আগস্ট) রাতে সাতক্ষীরার লস্কর পাড়া এলাকা থেকে র‌্যাব-৩-এর একটি দল তাকে গ্রেফতার করে। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান এই তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস মোড়ের গ্রান্ড প্লাজার সামনে এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ-১৪-০২১৪) বেপরোয়া গতিতে বাংলা মটরের দিক থেকে এসে মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম রানাকে চাপা দেয়। এরপর স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে সাইফুল ইসলাম রানাকে পার্শ্ববতী ডাক্তার সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুল ইসলাম রানা মগবাজার ওয়্যারলেস মোড়ের ঢাকা কমিউনিটি হাসপাতালে সিনিয়র ব্রাদার হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনার সময় উত্তেজিত জনতা ঘাতক বাসটি পুড়িয়ে দেয় এবং চালক মো. ইমরান হোসেনকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ব্যাপারে নিহত সাইফুল ইসলাম রানার বাবা শাহজাহান আলী বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এসপি গোল্ডেন লাইন পরিবহনের মালিক বাহরুন লস্কর ও চালক ইমরানসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এমরানুল হাসান জানান, ‘গ্রেফতার হওয়া চালক ইমরান হোসেন পুলিশকে জানায়, বাসটির সহকারী হিসেবে কর্মরত ছিল। সম্প্রতি সে বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্স পেয়েছিল। বাসটির মূল চালক সাইমুনের ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাস মালিকের নির্দেশে অদক্ষ ড্রাইভার হওয়া সত্ত্বেও সে বাসটি ড্রাইভ করছিল। এ সময় মূল চালক সাইমুন বাসটির সহকারী হিসেবে কাজ করছিল।’