পলিথিন উৎপাদনকারী তিন কারখানাকে জরিমানা

পলিথিন কারখানায় অভিযানরাজধানীর চকবাজার এলাকায় ৭০০ কেজি পলিথিন ও পলিথিন উৎপাদনের কাঁচামাল জব্দ করেছে পরিবেশ অধিদফতর। এই সময় তিনটি কারখানাকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৮ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।

চকবাজার থানার চম্পাতলী বাজার এলাকার মো. বাবুল, মো. সবুজ ও মো. আব্দুল হামিদের কারখানায় অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সব ধরনের শপিং ব্যাগ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ এবং ব্যবহার নিষিদ্ধ। প্রতিষ্ঠানগুলো এই আইন লঙ্ঘন করায় এ জরিমানা করা হয়েছে।

অভিযানে সমন্বয়ের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, মো. মির্জা আসাদুল কিবরিয়া এবং নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী কামাল।