প্রত্নসম্পদসহ পাচারচক্রের সদস্য গ্রেফতার



উদ্ধার হওয়া প্রত্নসম্পদবিপুল পরিমাণ প্রত্নসম্পদ উদ্ধারসহ মো. মনিরুল ইসলাম নামের আন্তর্জাতিক পাচারকারীচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়ন্দা ও অপরাধ তথ্য (পূর্ব) বিভাগ। সোমবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে ভাটারা থানার নর্দ্দা (বসুন্ধরা) এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় তার হেফাজত থেকে ১০টি কষ্টি ও বেলে পাথরের মূর্তি, ১৮টি বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা, একটি প্রাচীন তাম্রলিপি ও কয়েকটি প্রাচীন স্মারক উদ্ধার করা হয়।
ডিএমপির ডিসি জানান, উদ্ধারকৃত প্রত্নসম্পদ দেশের বিভিন্ন জায়গা থেকে এজেন্টদের মাধ্যমে সংগ্রহ করে বিদেশে পাচারের উদ্দেশ্যে মনিরুল ইসলাম নিজ হেফাজতে রেখেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে ভাটারা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সুফি মুস্তাফিজুর রহমান ও ঐতিহ্য অন্বেষণ উপ-পরিচালক শারমিন রেজওয়ানার নেতৃত্বে একটি দল উদ্ধারকৃত এসব পুরাকীর্তি পরিদর্শন করেন। এসব পুরাকীর্তি আসল বলে প্রাথমিকভাবে তারা মত দিয়েছেন। তারা বলেন, উদ্ধারকৃত প্রতিটি প্রত্ননিদর্শনই দেশের ইতিহাস ও ঐতিহ্যের জন্য অমূল্য সম্পদ। এরমধ্যে কিছু কিছু নিদর্শন অত্যন্ত দুর্লভ।