সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোর দগ্ধ

বার্ন ইউনিট, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিতালী মার্কেটের নিচতলায় ভাতের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে সাগর (১৫) নামে এক কিশোর দগ্ধ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন,  ‘তার শরীরের ৫৯ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’

সাগরের বাবা মনির হোসেন জানান, মিতালী মার্কেটের ৪ নম্বর ভবনের নিচে তাদের একটি ছোট ভাতের হোটেল রয়েছে। বেশ কয়েকদিন দোকান বন্ধ ছিল। সোমবার সকাল ৯টার দিকে দোকান খোলার পর চুলা ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সে দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ হয়েছিল।

তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামে। সিদ্ধিরগঞ্জে মিতালী মার্কেটের পাশে ভাড়া বাসায় থাকেন।