ডাকসু নির্বাচন নিয়ে আপিল করে তামাশা করেছে ঢাবি কর্তৃপক্ষ: মনজিল মোরসেদ

মনজিল মোরসেদ (ফাইল ছবি)ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে পরিষদের সভা ডাকা ও নির্বাচনের তারিখ নির্ধারণের পরও হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষের আপিল করাকে স্ববিরোধী অবস্থান বলে মন্তব্য করেছেন রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আপিল করে ছাত্রদের সঙ্গে কর্তৃপক্ষ তামাশা করেছে।’ সোমবার (১৭ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন দিতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ঢাবি কর্তৃপক্ষের লিভ টু আপিল দায়েরের পর তিনি এই মন্তব্য করেন।

মনজিল মোরসেদ বলেন, ‘ছয় মাসের মধ্যে ডাকসু নির্বাচনের জন্য হাইকোর্ট রায় দিয়েছিলেন। রবিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যিালয় কর্তৃপক্ষ ওই রায়টি স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করে। ঢাবি কর্তৃপক্ষ একদিকে পরিষদের সভা ডাকলো, সবাইকে দেখালো তারা নির্বাচন দিচ্ছে; আগামী মার্চের মধ্যে নির্বাচন হবে। অন্যদিকে এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করলো। এটা তো এক ধরনের স্ববিরোধী অবস্থান। এটা হতে পারে না। এর মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে তামাশা করেছে।’

ঢাবি কর্তৃপক্ষের এ অবস্থানের কারণে ছাত্ররা হতাশ হবে উল্লেখ করে মনজিল মোরসেদ বলেন, ‘এ আপিল করার মধ্য দিয়ে তারা এটাই প্রমাণ করেছে যে, ডাকসু নির্বাচন দিতে তারা ইচ্ছুক নয়। এর মধ্যে কোনও একটা পেছনের শক্তি কাজ করছে।‘

প্রসঙ্গত, এই বছরের ১৭ জানুয়ারি ডাকসু নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়া ডাকসু নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছিলেন  বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। ওই রায়ের বিরুদ্ধে গত ১৬ সেপ্টেম্বর লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করে ঢাবি কর্তৃপক্ষ।

এরআগে, ১৯৯০ সালের ৬ জুলাই ডাকসুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।