কারাবন্দি খালেদা জিয়াকে দেশের বিশেষায়িত কোনও হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আগামীকাল বুধবার (৩ অক্টোবর) পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (০২ অক্টোবর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে দেশের বিশেষায়িত কোনও হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চেয়ে হাইকোর্টের রিট আবেদন জানায় তার আইনজীবীরা। গত ৯ সেপ্টেম্বর রিটটি দায়েরের পর ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘রিটে বিশেষায়িত কোনও হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসার নির্দেশসহ এ বিষয়ে কারা-কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার আদেশ চাওয়া হয়েছে।’
খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তার চিকিৎসা দাবি করে আসছেন তার আইনজীবীরা। কিন্তু সেখানে কোনও প্রতিকার না পেয়ে তারা এ রিট দায়ের করেন বলেও তার আইনজীবীরা জানান।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার আদেশ দেন বিচারিক আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।