দুই মামলায় ডা. জাফরুল্লাহ’র আগাম জামিন নিয়ে শুনানি দুপুরে

ডা. জাফরুল্লাহ চৌধুরীআশুলিয়ায় জমি দখলের চেষ্টা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগের দায়ের করা দুই মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর আগাম জামিন বিষয়ে রবিবার দুপুরে শুনানি হবে। দুপুর ২টায় (২১ অক্টোবর) বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনগুলোর ওপর শুনানি হবে। 

জামিন আবেদনের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

গত ১৫ অক্টোবর রাতে আশুলিয়া থানায় জমি দখলের চেষ্টা, ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগের মামলা করেন মানিকগঞ্জ জেলার হরিরামপুরের মোহাম্মদ আলী এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের আনিছুর রহমান। মামলায় জাফরুল্লাহ ছাড়াও আরও তিনজনের নাম উল্লেখসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। ওই তিনজন হলেন, গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও আওলাদ হোসেনের।

মামলার এজাহারে বলা হয়েছে করা হয়, আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীর মাজার এলাকায় হাসান ইমাম তিন বিঘা জমি কিনে ভোগদখল করে আসছিলেন। গত বেশ কিছুদিন যাবৎ জাফরুল্লাহ চৌধুরীর লোকজন ওই জমি দখলের জন্য পাঁয়তারা করে আসছিলেন। এদিকে গত ১৩ অক্টোবর বিকালে হাসান ইমাম জমিতে গেলে জাফরুল্লাহর লোকজন তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। এছাড়াও ওই সময় গণস্বাস্থ্য কেন্দ্রের লোকজন তার জমির সাইনবোর্ড ভাঙচুর করেছেন বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনায় শুক্রবার রাতে তিনি বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আরেকটি মামলার এজাহার থেকে জানা যায়, জাফরুল্লাহ চৌধুরী তার মালিকানাধীন গণস্বাস্থ্য কেন্দ্রের পাশের একটি জমি দীর্ঘ দিন ধরে জবর দখলের চেষ্টার পাশাপাশি জমির মালিকের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। মামলায় জাফরুল্লাহ চৌধুরীসহ আরও তিনজনের নাম উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: 

 ডা.জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজি ও জমি দখলের মামলা

 

ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা