পল্লবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধাররাজধানীর পল্লবীতে নির্মাণাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মান্নান (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে পল্লবীর ৬নম্বর সেকশনের সি ব্লকে এই ঘটনাটি ঘটে।     

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

মান্নান রড মিস্ত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালের ভোলা জেলায়।

মান্নানের সহকর্মী আলম মোল্লা বাংলা ট্রিবিউনকে জানান, নির্মাণাধীন ছয় তলা ভবনের চার তলায় একটি মাচানের ওপর মান্নান কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে ওই মাচান ভেঙ্গে নিচে পড়ে যায় মান্নান। আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছে, তারা আসছেন।