সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে টিন আত্মসাতের মামলা চলবে

আদালতব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের বড় ভাই সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে ত্রাণের ঢেউ টিন আত্মসাতের অভিযোগে দুর্নীতি মামলা বাতিল চেয়ে করা আবেদনের (ফৌজদারি রিভিশন) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ মামলার ওপর থেকে হাইকোর্টের জারি করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত। ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (১১ নভেম্বর) বিচারপতি  নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর আসামিপক্ষে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। 

২০০৭ সালের ১৩ জুন ভোলার নৌকন্টিজেন্ট এবং বোরহান থানা পুলিশ যৌথভাবে বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন হাফিজ ইব্রাহিম মহাবিদ্যালয়ের তিনটি ঘর থেকে ১০০ বান্ডিল  ত্রাণের ঢেউটিন উদ্ধার করে। এ ঘটনায় বোরহান উদ্দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ২০০৭ সালের ১৩ জুন দুইজনকে আসামি করে বোরহান উদ্দিন থানায় মামলা করেন। মামলাটি দুদকের সহকারী পরিচালক রামমোহন নাথের তদন্ত শেষে ২০০৯ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।   

অভিযোগপত্রে অধ্যক্ষ এস এম গজনবী, কলেজটির চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, সাবেক এমপি হাফিজ ইব্রাহিম ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহানকে নিয়ে ৪ জনের নাম উঠে আসে। মামলাটিতে এ পর্যন্ত আসামিদের ৭ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

তবে এরই মধ্যে বিচারিক আদালতে চলমান মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ৮ নভেম্বর এ মামলায় জারি করা রুলের শুনানি শেষে আদালত রায় ঘোষণার জন্য আজ রবিবার নির্ধারণ করেন।