বাংলা ট্রিবিউনের রিপোর্টের পর সুপ্রিম কোর্টে পিরিয়ডকালীন টয়লেট নিশ্চিতের নির্দেশ

সুপ্রিম কোর্ট‘সুপ্রিম কোর্টে নেই পিরিয়ডকালীন টয়লেট ব্যবস্থা’ শিরোনামে দেশের অন্যতম নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর এ বিষয়ে জরুরি সভা করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

তিনি বলেন, প্রতিবেদনটি প্রকাশের পর এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনকে অবহিত করা হয়। এরপর তিনি এ বিষয়ে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রেজিস্ট্রার জেনারেলের ওই নির্দেশের পর সুপ্রিম কোর্টের টয়লেট ব্যবস্থাপনা নিয়ে গঠিত কমিটি জরুরি বৈঠক করে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট আরও পাঁচ কর্মকর্তা ওই বৈঠকে অংশ নেন।

সভার সিদ্ধান্তের বিষয়ে ব্যারিস্টার মো.সাইফুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের এ্যানেক্স ভবনের নিচতলায় নারীদের জন্য বিশেষ একটি টয়লেট রয়েছে। আমরা বাংলা ট্রিবিউনে প্রতিবেদনটি প্রকাশের পর সেই টয়লেট পরিদর্শন করি। এরপর নিজেরা বৈঠকে অংশ নিয়ে দায়িত্বপ্রাপ্তদের ডেকে টয়লেটে প্রয়োজনীয় স্যানিটারি ন্যাপকিন রাখাসহ অন্যান্য উপকরণ সরবরাহ করতে নির্দেশ দেই। টয়লেটে একটি ঢাকনাযুক্ত বিন রাখতেও নির্দেশ দেওয়া হয়। এছাড়াও গণপূর্ত অধিদফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে সুপ্রিম কোর্টের সকল ভবনে পিরিয়ডবান্ধব টয়লেট ব্যবস্থাপনা গড়ে তোলা হয়। আর সার্বক্ষণিক টয়লেটগুলো মনিটরিংয়ের জন্য একজন কোর্ট কিপারকে দায়িত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

তবে এরপরও কোনও নারী আইনজীবী চাইলে বা তাদের কোনও আপত্তি থাকলে আমাদেরকে জানাতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান ব্যারিস্টার মো. সাইফুর রহমান।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার (২৭ নভেম্বর) সকালে নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনে ‘সুপ্রিম কোর্টে নেই পিরিয়ডকালীন টয়লেট ব্যবস্থা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে পিরিয়ডকালীন সময়ে নারী আইনজীবীদের কোর্টে না আসা এবং প্রয়োজনীয় টয়লেট ও টয়লেটের উপকরণ না থাকার বিষয়টি উঠে আসে। এরই ধারাবাহিকতায় জরুরি বৈঠক ডেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে নেই পিরিয়ডকালীন টয়লেট ব্যবস্থা