সড়ক ভবনের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা

সড়ক ভবনের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগসম্পদ বিবরণীতে এক কোটি ৯৪ লাখ ৮০ হাজার ১৬৩ টাকার তথ্য গোপন করার অভিযোগে সড়ক ভবনের অফিস সহকারী কামাল আক্তারুজ্জামান ও তার স্ত্রী শাহিনুর বেগমের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ বাদী হয়ে এ মামলা দু’টি করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ ধারায় দায়ের হওয়া মামলায় কামাল আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৯৫ লাখ ৬৮ হাজার ৩৩০ টাকা ও তার স্ত্রী শাহিনুর বেগমের বিরুদ্ধে ৯৯ লাখ ১১ হাজার ৮৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মামলায় কামাল আক্তারুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১৭ লাখ ৬ হাজার ৪৭৬ টাকার সম্পদ ও শাহিনুর বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৮ টাকার সম্পদ অর্জনেরও অভিযোগ আনা হয়েছে।