এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলায় তদন্ত প্রতিবেদন ৭ এপ্রিল

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) বিরুদ্ধে দুর্নীতির  মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত সিকদার নুতন তারিখ ধার্য করেন।

প্রসঙ্গত,  সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি করেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

মামলার এজাহারে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে তার (নাজমুল হুদা) বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলা উচ্চ আদালতে ডিসমিস করার পরও প্ররোচিত হয়ে মামলাটির রায় পরিবর্তন করা হয়। মামলাটি ডিসমিস করতে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ চান এসকে সিনহা। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।