সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. আল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ মার্চ কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকার উপ-কমিশনার রেজভী আহমেদ ও নাজিউর রহমানের নেতৃত্বে দুটি প্রিভেন্টিভ টিম নিডস ফ্যাশন প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে আকস্মিক অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজে মজুদ পণ্য ইনভেন্টরি ও নথিপত্র আটকপূর্বক যাচাই করা হয়।
সুনির্দিষ্ট আমদানি বিল অব এন্ট্রি ধরে যাচাইয়ের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি বন্ডেড সুবিধায় শুল্কমুক্তভাবে বিপুল পরিমাণ ফেব্রিক্স আমদানি করলেও সেগুলো ওয়্যারহাউজে প্রবেশ না করিয়েই সরাসরি চোরাই বাজারে বিক্রি করে দিয়েছে। এছাড়া মজুদ পণ্যের হিসাবেও ব্যাপক গরমিল উদ্ঘাটিত হয়।
সার্বিক অনুসন্ধান শেষে বন্ড সুবিধার অপব্যবহার ও শুল্ক ফাঁকির পৃথক দুটি অভিযোগে যথাক্রমে ২ কোটি ৮০ লাখ টাকা ও ৬২ লাখ টাকা ফাঁকির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটির শুল্ক ফাঁকির সূত্র ধরে সমজাতীয় অন্যান্য প্রতিষ্ঠানের বন্ডিং কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে।
বন্ডেড সুবিধার অপব্যবহারের মাধ্যমে শুল্ক ফাঁকি প্রতিরোধ ও দেশীয় শিল্প সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালনা করছে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার নির্দেশনা ও কমিশনার এস এম হুমায়ুন কবীরের গতিশীল নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. আল আমিন।