আবরারের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ আপিলে বহাল

আবরার আহমেদ চৌধুরী

রাজধানীতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনায় তার পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার হাইকোর্টের আদেশ আপিলে বহাল রয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে ছিলেন রিটকারী আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ২০ মার্চ আবরারের পরিবারকে এক সপ্তাহের মধ্যে সুপ্রভাত পরিবহনকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে আবরারের পরিবারকে কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার আশরাফ রহমান। এরপর সে আদেশ স্থগিত চেয়ে আপিল করা হয়েছিলো, যার শুনানি নিয়ে হাইকোর্টের আদেশ বহাল রাখছেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, আবরারের দুর্ঘটনার বিষয়টি গত ২০ মার্চ আদালতের নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরে আদালত তাকে আবেদন আকারে কোর্টে আসার নির্দেশনা দিলে তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন।

সে রিটের শুনানি নিয়ে ক্ষতিপূরণ প্রদানের অন্তর্বর্তীকালীন আদেশ ছাড়াও রুল জারি করা হয়। রুলে সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থায় অব্যাহত ব্যর্থতাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও জানতে চান আদালত।