সাবেক মন্ত্রী-সচিবদের সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে রিট

আদালতমন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। একইসঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যদের মধ্যে বরাদ্দ প্রাপ্তদের সরকারি বাসা বুঝিয়ে দেওয়ারও আবেদন জানানো হয়েছে রিটে।

মঙ্গলবার (৯ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব রিটটি করেন। পরে তিনি জানান, আগামীকাল বুধবার (১০ এপ্রিল) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটে জাতীয় সংসদের স্পিকার, অর্থ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রী পরিষদ সচিব, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও সরকারি আবাসন পরিদফতরের পরিচালককে বিবাদী করা হয়েছে।

এর আগে গত ৮ এপ্রিল মন্ত্রিসভার সাবেক সদস্য ও সচিবদের দখলে থাকা সরকারি বাসা ছাড়তে লিগ্যাল নোটিশ পাঠান ব্যারিস্টার হুমায়ন কবিরসহ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী।

তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যরা তাদের জন্য বরাদ্দ করা বাসায় উঠতে না পেরে রাষ্ট্রীয় কাজের ক্ষতি হচ্ছে। তাই মন্ত্রিসভার সব সদস্যকে দ্রুত সরকারি বাসা বুঝিয়ে দিতে রিট আবেদনটি দায়ের করেছি।