এপ্রিলে সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২১১ জন আটক

 

ফাইল ফটোচলতি বছরের এপ্রিল মাসে দেশের বিভিন্ন সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১১ জন চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৬৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

বৃহস্পতিবার (২ মে) রাতে বিজিবি'র জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৪৫ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা মাদকের মধ্যে রয়েছে- ৩ লাখ ৬৩ হাজার ৭৬০ পিস ইয়াবা , ৩৪ হাজার ১২২ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৭১৯ বোতল বিদেশি মদ, ৩০১ লিটার বাংলা মদ, ২০৫ ক্যান বিয়ার, ৪৬৮ কেজি গাঁজা, ৯২৬ গ্রাম হেরোইন, ১৬ হাজার ৫৪৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা এবং ৪ লাখ ৫ হাজার ৭৩০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৪৮৭.৭২ গ্রাম স্বর্ণ, ৮ কেজি ৪৯৯ গ্রাম রূপা, ১ লাখ ৪৪ হাজার ৮৮১টি ইমিটেশন গহনা, ৬৪ হাজার ৭৪৩টি কসমেটিক্স সামগ্রী, ৪ হাজার ৩০টি শাড়ি, ৪ হাজার ২৯৭টি থ্রিপিস/শার্টপিস, ৩ হাজার ২৮৫ মিটার থান কাপড়, ৩ হাজার ৫৮৭টি তৈরি পোশাক, ২টি কষ্টিপাথরের মূর্তি, ২৪ হাজার ৮৮৩ ঘনফুট কাঠ ও ১৪ হাজার ৩০৩ লম্বাফুট কাঠ, ৬ হাজার ৮৫৭ কেজি চা পাতা, ৮টি ট্রাক, ৮টি পিকআপ, ১টি প্রাইভেটকার, ৮টি সিএনজি চালিত অটোরিকশা, ৩৩টি মোটর সাইকেল এবং ১ হাজার ৩০৮টি গাড়ীর যন্ত্রাংশ। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৮টি পিস্তল, ৮টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ১১টি ম্যাগাজিন এবং ১৪৪ রাউন্ড গুলি|’

তিনি বলেন, ‘সীমান্তে নিরাপত্তা ও মাদকদ্রব্য পাচার ও পাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে।’