গাড়ি চুরির একটি সিসিটিভি ফুটেজ বাংলা ট্রিবিউন কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে। সেখানে দেখা যায়, মাত্র কয়েক সেকেন্ডেই নকল চাবি দিয়ে চোর চক্রের সদস্যরা গাড়ির দরজা খুলে ফেলে। এর ঠিক কয়েক মিনিটের মধ্যেই তারা গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়।
গাড়ি চুরি মামলার বাদী বাংলা ট্রিবিউনের এইচআর ও প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, গত ২২ অক্টোবর বিকেল ৪টা ৪ মিনিটে সাদা রঙে টয়োটা সেলুন প্রাইভেটকারটি (নং-ঢাকা মেট্রো-গ-১২-৯৪১০) মসজিদের সামনে রেখে নামাজ পড়তে যান চালক শহিদুল ইসলাম। নামাজ শেষে ৪টা ২৫ মিনিটে ফিরে দেখেন গাড়িটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও গাড়িটির হদিস পাননি চালক শহিদুল।
পরবর্তীতে ডিএমপি গুলশান বিভাগের নিয়ন্ত্রণাধীন সিটি করপোরেশনের কাছ থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, বিকেল ৪টা ৪ মিনিটে গাড়িটি রাস্তার ওপর পার্ক করে মসজিদে যান চালক শহিদুল। এরই মধ্যে দু’জনকে তার পিছু নিতে দেখা যায়। যাদের একজন শহিদুলের গতিবিধি লক্ষ করছিলেন। অপরজন ফোনে কথা বলতে বলতে ৪টা ১৯ মিনিটে প্রাইভেটকারটির দরজা খুলে ভেতরে ঢোকেন। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই গাড়ি স্টার্ট করে ইউটার্ন নিয়ে পালিয়ে যায় তারা।
গাড়ি চুরির মামলাটি তদন্ত করছেন তেজাগাঁও থানার এসআই দেওয়ান মোহাম্মদ সবুর। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সিসিটিভি ফুটেজ পেয়েছি। যে দু’জনকে দেখা যাচ্ছে তাদের শনাক্ত করে পরিচয় বের করার এবং গাড়িটি উদ্ধারে কাজ করছি।’