তিন জঙ্গি রিমান্ডে

 

আদালতরাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেফতার তিন জঙ্গির বিরুদ্ধে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৫ নভেম্বর) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

আসামিরা হলো- আবু রায়হান ওরফে মাহমুদ ওরফে আ. হাদী, হাবিবুর রহমান ওরফে চান মিয়া ও রাজিবুর রহমান ওরফে রাজিব ওরফে সাগর।

ভাটারা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) লিয়াকত হোসেন জানান, এর আগে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল বিভাগের পরিদর্শক এসএম রাইসুল ইসলাম সন্ত্রাস বিরোধী আইনে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন।

রবিবার (২৪ নভেম্বর) রাতে রাজধানীর ভাটারা এলাকায় সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপ বিশেষ অভিযান চালিয়ে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, বই, একটি কমান্ডো ছুরি ও ২০ পিস জেল জাতীয় বিস্ফোরক উদ্ধার করা হয়।