কুয়াশাচ্ছন্ন মহাসড়কে সীমিত গতিতে গাড়ি চালানোর পরামর্শ

 

হাইওয়ে পুলিশশৈত্যপ্রবাহের প্রভাবে দেশে তাপমাত্রা কমছে। সঙ্গে বাড়ছে বাতাস ও কুয়াশা। কুয়াশার মধ্যে মহাসড়কে সীমিত গতিসীমায় গাড়ির চালানোর জন্য চালকদের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি তানভীর হায়দার চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ পরামর্শ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা অনেকাংশে কমে আসছে। যার ফলে মহাসড়কে চলাচলকারী পথচারী ও বিপরীত দিক থেকে আসা যানবাহন সম্পর্কে বোঝা যায় না, ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই আশঙ্কা থেকে কুয়াশাচ্ছন্ন রাস্তায় ফগলাইট ব্যবহার ও গতিসীমা সীমিত রেখে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য চালকদের পরামর্শ দেওয়া হয়েছে।