হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচার মামলা চলবে

হাফিজ ইব্রাহিমবিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থপাচার (মানি লন্ডারিং) মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তার বিরুদ্ধে এ মামলার কার্যক্রম চলতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

হাফিজ ইব্রাহিম ও তার স্ত্রীর মাফরুজা সিঙ্গাপুরে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে এক লাখ ৭৫ হাজার ডলার জমা করার অভিযোগে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২০১১ সালের ১৬ আগস্ট গুলশান থানায় মামলাটি করা হয়।
ওই মামলায় ২০১২ সালের ১২ জুন বিচারিক আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন। ২০১৫ সালের ৩ নভেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত অভিযোগ গঠন করেন। পরবর্তীতে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন হাফিজ ইব্রাহিম।