বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদের পরিবারের ৩ সদস্যকে জিজ্ঞাসাবাদ

 

দুদক

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার স্ত্রী সুরাইয়া আক্তার, খালেদের ভাই মাসুদ মাহমুদ ভূঁইয়া ও মাসুদের স্ত্রী মনসুরা ইয়াসমিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রবিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। তবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে না আসায় তাদের আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

গত ২ ডিসেম্বর তাদের তলবি নোটিশ পাঠিয়েছিল দুদক। উপপরিচালক জাহাঙ্গীর আলম ওই নোটিশ পাঠান। গত ২১ অক্টোবর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খালেদের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তার বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ৮৫৯ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর খালেদকে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব। তার কাছে একটি অবৈধ অস্ত্র পাওয়া যায়। এছাড়া খালেদের কাছ থেকে লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ আরও দু’টি অস্ত্র ও মাদক উদ্ধার হয়।