রাজধানীর হাতিরপুল এলাকায় সাজেদা (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ফেরদৌসকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাতিরপুলের ভূতেরগলি এলাকায় একটি ভাড়া বাসায় এ খুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতাল মর্গে পাঠায়।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পরিতোষ চন্দ্র জানান, ফেরদৌস পেশায় রিকশাচালক। রাত সাড়ে আটটার দিকে ফেরদৌস বাসায় ফেরার পর স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে সাজেদাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন ফেরদৌস। ঘটনাস্থলেই মারা যান সাজেদা।
প্রতিবেশীরা ফেরদৌসকে আটক করে। খবরে পেয়ে পুলিশ সাজেদাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকেই ফেরদৌসকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিতোষ চন্দ্র।