সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল হালিমকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার (১১ মার্চ) নিউ মার্কেট থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী আব্দুল হালিম। সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ১১ মার্চ আব্দুল হালিমের বাসায় ডাকযোগে একটি চিঠি আসে। চিঠিতে বলা হয়েছে, ‘আপনি আমাদের আগের ফোন ও সতর্কবাণী ভুলে গেছেন। আপনি যদি হাইকোর্টে র্যাব ও পুলিশের বিরুদ্ধে মামলা পরিচালনা অব্যাহত রাখেন তবে মৃত্যুমুখে পতিত হবেন।’
হুমকির ব্যাপারে আব্দুল হালিম বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৯ সালের ১৯ মার্চ আমাকে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে রামপুরা থানায় মামলা দায়ের করি। ওই মামলায় দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছিল। আসামিরা বর্তমানে জামিনে রয়েছে। আমার ধারণা, তারাই এভাবে হুমকি দিয়ে আমাকে মামলা পরিচালনা থেকে বিরত রাখার চেষ্টা করছে।
এ হুমকির পর আব্দুল হালিমের পরিচালিত প্রতিষ্ঠান সিসিবি ফাইন্ডেশনের পক্ষ থেকে পরিচালক ইশরাত হাসান বলেন, ব্যারিস্টার হালিম তার সিসিবি ফাউন্ডেশনের মাধ্যমে নিজম্ব অর্থায়নে জনকল্যাণমূলক কাজ বিশেষ করে শিশুদের শিক্ষা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। তাকে দেওয়া এই ধরনের ন্যাক্কারজনক হুমকির তীব্র নিন্দা জানাই।
সিসিবি ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্যারিস্টার আব্দুল হালিমের জীবনের নিরাপত্তা দেওয়ার দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পরিচালক ইশরাত হাসান বলেন, আইনজীবীরা যদি সুরক্ষিত না থাকেন তবে জনগণের কল্যাণে এবং মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষায় কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়বে। তার জীবন এখন মৃত্যুঝুঁকির মধ্যে রয়েছে। আমরা এই মৃত্যুর হুমকির পেছনে কারা আছেন তাদের তদন্তের মাধ্যমে বের করে শাস্তির আওতায় নিয়ে আসাসহ তার জীবনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
সাধারণ ডায়েরির বিষয়ে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স ম কাউয়ুম বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে পারবো।