করোনা নিয়ে গুজব রোধে মিডিয়ায় বিশেষজ্ঞদের মতামত প্রচারে আইনি নোটিশ

আইনি নোটিশদেশে করোনা সংক্রমণ রোধে এবং এ সংক্রান্ত গুজব বন্ধে ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও মতামত প্রচারের জন্য নোটিশ পাঠানো হয়েছে। স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয়কে এ নোটিশ পাঠানো হয়েছে।

রবিবার (২২ মার্চ) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ইতোমধ্যে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যদিও করোনা ভাইরাস রোধে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তবুও জনমনে এ নিয়ে নানা বিভ্রান্তি রয়েছে।

নোটিশে আরও বলা হয়, নতুন এই ভাইরাসটির ক্ষতি সাধারণ মানুষের অজানা। ফলে অজ্ঞতাপ্রসূত করোনা নিয়ে নানা ধরনের মনগড়া তথ্য সামাজিক যোগাযোগের মাধ্যমসহ অন্যান্য মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে। এজন্য করোনা ভাইরাস রোধে রাষ্ট্রীয় টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে সচেতনতামূলক তথ্যনির্ভর বিশেষ অনুষ্ঠান প্রচার করা একান্ত জরুরি। পাশাপাশি এ রোগের চিকিৎসা সংক্রান্ত গুজব বন্ধেও প্রয়োজন কার্যকরী পদক্ষেপ।

প্রচারিত ওইসব বিশেষ অনুষ্ঠানে করোনা বিষয়ে করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপত্রসহ যাবতীয় পরামর্শ প্রদান করবেন। যা রাষ্ট্রীয় টেলিভিশনসহ সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওতে প্রচার করতে নোটিশে অনুরোধ জানানো হয়েছে। 

আগামী ৭ দিনের মধ্যে নোটিশ অনুসারে পদক্ষেপ গ্রহণ করা না হলে প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।